
যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
শুক্রবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তির আওতায় এ গম আমদানি করা হচ্ছে। এটি জিটুজি (সরকার-টু-সরকার) চুক্তির দ্বিতীয় চালান। এর আগে প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে পৌঁছেছিল।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট আমদানি করা গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
দেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে চাহিদা পূরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ গম বিদেশ থেকে আমদানি করতে হয়।
Leave a Reply