ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও খুরা রোগে কৃষকের গবাদিপশু মারা যাওয়ার ঝুঁকি কমাতে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার রায়ঁচু ঈদগাহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) উদ্ভাবিত এলএসডি ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গত বছর দেশে ৫ লাখ ভ্যাকসিন উৎপাদন হলেও চলতি বছর প্রায় ২০ লাখ ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগে আমদানি করা ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম ছিল প্রায় ২৫০ টাকা। বর্তমানে দেশীয় কারখানায় উৎপাদনের ফলে তা কমে ৫০ টাকা হয়েছে।
তিনি বলেন, কম দামে ভ্যাকসিন পাওয়ায় কৃষকরা সহজেই গবাদিপশুকে টিকা দিতে পারবেন। এলএসডি ও খুরা রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় দেশে কয়েক মাসের জন্য পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। তার দাবি, সরকারকে বিব্রত করতে একটি শ্রেণি সারের সংকটের গুজব ছড়াচ্ছে।
টিকাদান ক্যাম্পেইনে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান তুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply