শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত সমস্যা ও দাবি তুলে ধরে সমাধানে ভূমিকা রাখাই ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের নতুন ওয়েবসাইট উদ্বোধন ও বুকলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংগঠনের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকারের সময়ে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন।
অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নতুন ওয়েবসাইটের মাধ্যমে সংগঠন সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন সাধারণ শিক্ষার্থীরা এবং অপপ্রচার ও বিভ্রান্তি মোকাবিলা করা সম্ভব হবে।
এ সময় ছাত্রদলের চারটি নতুন বুকলেটেরও উদ্বোধন করা হয়। বুকলেটগুলোতে জুলাই আন্দোলনসহ গত কয়েক বছরে সংগঠনটির বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।
Leave a Reply