ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি করেছে সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, দ্বিতীয় ইউনিট স্থাপিত হলে দেশের ক্রুড অয়েল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন সম্ভব হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রীর আশা, নতুন ইউনিট চালু হলে দেশের মোট জ্বালানি চাহিদার ৫০ শতাংশের বেশি দেশীয়ভাবে পরিশোধিত জ্বালানি থেকে পূরণ করা সম্ভব হবে।
বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে কাতার থেকে এলএনজি সরবরাহ পাওয়া যাবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সৌদি আরব, কাতার ও ইরানসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে এবং বিকল্প জ্বালানি উৎসও খোঁজা হচ্ছে।
Leave a Reply