যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরবর্তী সচিব হিসেবে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাওকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, হাং কাও একজন ‘সত্যিকারের যোদ্ধা’ এবং নৌবাহিনী ও মেরিন বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য তার মতো দেশপ্রেমিক ব্যক্তির প্রয়োজন।
নৌবাহিনী ও মেরিন বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে ধরে রাখতে হাং কাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে দ্রুত তার মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটের প্রতি আহ্বান জানান তিনি।
গত চার মাস ধরে ভারপ্রাপ্ত সচিব হিসেবে হাং কাওয়ের কাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, অনুমোদন পেলে তিনি সেই কাজ অব্যাহত রাখতে পারবেন।
এর এক দিন আগে ট্রাম্প সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের পদত্যাগপত্র গ্রহণ করেন। এছাড়া সাবেক নৌবাহিনী সচিব জন ফেলানকে সরিয়ে দেওয়ার প্রায় চার মাস পর হাং কাওকে নতুন করে মনোনয়নের ঘোষণা দিলেন তিনি।
Leave a Reply