ভারতের কলকাতায় আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল গেরুয়া বসনধারী ও পাগড়ি পরিহিত বিক্ষোভকারী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে পত্রিকাটির ভবনের মূল ফটকের সামনে তারা জড়ো হয়ে স্লোগান দেন এবং প্রবেশদ্বারের পাশের দুটি থামে গেরুয়া রং লাগান।
বিক্ষোভকারীদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের প্রতিবেদন প্রকাশের সময় আনন্দবাজার পত্রিকা ‘গেরুয়া গুন্ডামি’ শব্দটি ব্যবহার করে গেরুয়া রংকে অসম্মান করেছে। এ নিয়ে তারা প্রতিবাদ জানিয়ে ভবনের ফটকে গেরুয়া উত্তরীয়ও ঝুলিয়ে দেন।
এর আগে ওই শিরোনাম প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে হিন্দু জাগরণ মঞ্চ পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর করে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে সংশোধন না করা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন করা হবে। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, দলীয়ভাবে এমন কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি।
ঘটনার পর আনন্দবাজার কর্তৃপক্ষ গেরুয়া রং লাগানো দেয়াল পুনরায় সাদা রঙে রাঙিয়ে দেয়।
Leave a Reply