1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

“পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার দুই শুটার গ্রেফতার, উদ্ধার বিদেশি রিভলবার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকা মহানগরীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশগ্রহণকারী দুই শুটারকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় পল্লবী থানাধীন মিরপুর-১২, ব্লক-বি এলাকায় বিক্রমপুর স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পিস্তল দিয়ে অতর্কিত গুলি করে গোলাম কিবরিয়া (৫০)-কে হত্যা করে। এসময় ঘটনাস্থল ত্যাগের সময় সন্ত্রাসীরা স্থানীয় জনতার ওপর গুলি চালালে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় ভিকটিমের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ছায়া তদন্ত শুরু করে। তদন্তে কিলিং মিশনে অংশগ্রহণকারী শুটারদের শনাক্ত করা হলেও তারা ঘটনার পর থেকেই পলাতক ছিল।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, পলাতক শুটাররা দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ ২০২৬ তারিখ মধ্যরাতে অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর একটি দল ঢাকা মহানগরীর রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকা থেকে মোঃ রাশেদ ওরফে লোপন (৩৫) এবং উত্তরা ১৮ নম্বর সেক্টরের দিয়াবাড়ি এলাকা থেকে মোঃ জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু (৪০)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি লোপনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, রাজনৈতিক কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা সিসিটিভি ফুটেজ দেখে নিজেদের শনাক্ত করে এবং কিলিং মিশনে অংশগ্রহণের কথা স্বীকার করেছে। এছাড়াও তারা জানায়, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে বড় অংকের অর্থ লেনদেন হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৮ নভেম্বর ২০২৫ তারিখে এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মনির হোসেন ওরফে সোহেল এবং সন্ত্রাসী সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করে র‌্যাব-৪।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News