
হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ পদযাত্রা ২০২৬’ কর্মসূচির সমাবেশ শেষে নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানা মোড় ও সদর হাসপাতাল এলাকায় এই সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জেলা সদস্য সচিব মাহবুবুর রহমান মুবিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বিকেল সাড়ে ৫টায় শহরের টাউন হলের সামনে সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে যাওয়ার পথে এই হামলার শিকার হন। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সোনালী ব্যাংকের ভেতরে আশ্রয় নিলে তাদের সেখানে অবরুদ্ধ করে রাখা হয়। পরে রাত ৮টার দিকে পুলিশ গিয়ে উত্তেজনা প্রশমিত করে অবরুদ্ধ নেতাদের নিরাপদে সার্কিট হাউসে পৌঁছে দেয়।
হামলায় এনসিপি নেতাকর্মীদের বহনকারী একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং জেলা সদস্য সচিবের হাত ভেঙে দেওয়াসহ বেশ কয়েকজনের মাথা ফেটে যায়। এনসিপির জেলা আহ্বায়কের দাবি, জেলা ছাত্রদলের নেতাকর্মীরাই এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই হামলার দায় অস্বীকার করে জানানো হয়েছে, অপ্রীতিকর ও অশালীন মন্তব্যের কারণে সাধারণ বিক্ষুব্ধ জনতা এই ধাওয়া দিয়েছে এবং এর সঙ্গে ছাত্রদল বা বিএনপির কোনো সম্পর্ক নেই।
Leave a Reply