
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিচার জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে তিনি বলেন, মামলার আগের রায় ও সামরিক আদালতের পর্যবেক্ষণ বিবেচনায় নিয়ে পরবর্তী আইনি সিদ্ধান্ত হবে। এখনই একই মামলায় সিভিল আইনে নতুন করে বিচার আইনসম্মত হবে কি না, সেটিও জেনারেল কোর্ট মার্শাল নির্ধারণ করবে।
১৫ জুলাই রাজধানীর বনানী ডিওএইচএস থেকে গ্রেপ্তার হওয়া মোজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, তিনি দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন।
এদিকে সীমান্তে ‘পুশইন’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে হলে নির্ধারিত আইনি প্রক্রিয়া ও জাতীয়তা যাচাইয়ের মাধ্যমে তা করা হবে।
Leave a Reply