
দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম কমানো হয়েছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী মঙ্গলবার (২৪ মার্চ) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু।
গত ১৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকেল থেকেই নতুন দাম কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে একই দিনে সকালে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৯ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়, যা আগের তুলনায় ৩৫০ টাকা কম। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদা-সরবরাহের প্রভাবেই দেশে সোনা ও রুপার দামে এ পরিবর্তন দেখা যাচ্ছে।
Leave a Reply