
আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলার এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলতাফ হোসেন ওরফে মো. আনোয়ার বয়াতী (৪৮)-কে গ্রেফতার করেছে র্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৮ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) দুপুরে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল পটুয়াখালী সদর থানাধীন সদর রোড লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাউফল থানার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি আলতাফ হোসেনকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী একজন বাকপ্রতিবন্ধী নারী। অভিযুক্ত আলতাফ রাজমিস্ত্রীর কাজের সুবাদে তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন ভুক্তভোগী বাড়ি থেকে বের হয়ে পাশের মোল্লার ব্রিজ এলাকায় গেলে অভিযুক্ত কৌশলে তাকে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বাড়ি ফিরে ঘটনাটি জানালে তার বড় বোন বাদী হয়ে বাউফল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। আত্মগোপনে থাকা আসামি বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply