
পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদার করতে ভারতকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৯ জুলাই) মেলবোর্নে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজের উপস্থিতিতে এ-সংক্রান্ত একটি প্রশাসনিক চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে শুধুমাত্র শান্তিপূর্ণ ও বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম আমদানি করবে ভারত।
ভারত সরকার ২০৪৭ সালের মধ্যে অন্তত ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম মজুদসমৃদ্ধ দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে সহযোগিতা বাড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল নয়াদিল্লি।
যদিও ২০১৪ সালে দুই দেশ বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছিল, ইউরেনিয়ামের সম্ভাব্য অপব্যবহার বা অস্ত্র তৈরিতে ব্যবহারের আশঙ্কায় সরবরাহ প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত ছিল। নতুন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সেই জটিলতা দূর হওয়ায় ইউরেনিয়াম সরবরাহের পথ উন্মুক্ত হয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ বলেন, ২০১৪ সালের চুক্তির আওতায় শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ভারতকে ইউরেনিয়াম রপ্তানির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিকে দেশের পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
Leave a Reply