
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সরাসরি ও ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছে তেহরান। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক এক বক্তব্যের পর এ অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ন্যাটো মহাসচিবের বক্তব্যের কড়া সমালোচনা করেন।
তিনি দাবি করেন, মার্ক রুটের বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে যে আগ্রাসনের সময় ইউরোপ কোনোভাবেই নিরপেক্ষ অবস্থানে ছিল না। বাঘাইয়ের অভিযোগ, কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর জন্য নিজেদের ভূখণ্ড, বিমানঘাঁটি এবং বিভিন্ন অবকাঠামো ব্যবহারের সুযোগ করে দিয়েছে।
ইসমাইল বাঘাই আরও বলেন, যেসব ন্যাটোভুক্ত দেশ এ ধরনের সহযোগিতা করেছে, তারা এই বেআইনি সামরিক হামলার পরোক্ষ দায় এবং এর ভয়াবহ পরিণতি থেকে দায়মুক্তি পেতে পারে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।
Leave a Reply