
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। অপরদিকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ও ইতালির উল্লেখযোগ্য অবদান এবং ভবিষ্যতে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।
Leave a Reply