1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

পূর্বাচল পুরোপুরি ঢাকা জেলায়, অনুমোদন পেল নতুন থানা ও তিন উপজেলা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে চট্টগ্রামে একটি নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি অংশ ঢাকা জেলায়, বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং কিছু অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলায় বিভক্ত থাকায় প্রকল্পটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা সমাধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী পুরো প্রকল্প এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া নিকার সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হবে।

এ ছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News