
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এবার প্রশ্নপত্র ফাঁসের সুযোগ খুবই কম। তবে ডিজিটাল প্রশ্নপত্র চালু করলেও হ্যাকিংয়ের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে কোনো সংসদ সদস্যের কেন্দ্র পরিদর্শনের কারণে যেন পরীক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গত এসএসসি পরীক্ষার সময় এমন কয়েকটি ঘটনা ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি।
খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন না করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এছাড়া পরীক্ষকের সংখ্যা বৃদ্ধি, একজন পরীক্ষকের কাছে খাতার সংখ্যা কমিয়ে আনা এবং র্যান্ডম পদ্ধতিতে খাতা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Leave a Reply