
আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর আদাবর ও তেজগাঁও থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কব্জিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবির (৩৮)সহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
র্যাব-২ সূত্রে জানা যায়, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন শ্যামলী হাউজিং ৪ নম্বর সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কব্জিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবির এবং তার সহযোগী আব্দুর রহমান (৩৫)-কে দুটি চাপাতিসহ গ্রেফতার করা হয়। একই দিনে তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় পৃথক অভিযানে স্বীকৃত কিশোর গ্যাং লিডার ও একাধিক মাদক এবং ছিনতাই মামলার আসামি মোঃ বিল্লাল হোসেন (২৮)-কে একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রিমিনাল প্রোফাইল (পিসিপিআর) যাচাইয়ে দেখা যায়, কবির ওরফে ধ্বংস কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের পাঁচটি মামলা রয়েছে। এছাড়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply