
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের শৈল্পিক ফুটবল বরাবরই বাংলাদেশি সমর্থকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। চলমান বিশ্বকাপে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা মরক্কোর সঙ্গে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা।
রাউন্ড অব ৩২-এ আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত Paulo Fernando Dias Feres বলেন, জাপান শক্ত প্রতিপক্ষ এবং তারা ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করবে। তবে ব্রাজিল ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরছে এবং কঠিন হলেও ম্যাচটি জিততে সক্ষম হবে।
রাষ্ট্রদূত মনে করেন, ব্যক্তি নির্ভরতা নয়, দলগত পারফরম্যান্সই ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, মরক্কোর বিপক্ষে ম্যাচের তুলনায় স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল অনেক ভালো খেলেছে এবং দল এখন আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, ব্রাজিল শুধু জাপানকেই নয়, সামনে যেসব প্রতিপক্ষ আসবে তাদেরও হারানোর সামর্থ্য রাখে।
বাংলাদেশে ব্রাজিল ফুটবলের জনপ্রিয়তায় মুগ্ধ রাষ্ট্রদূত ফেরেস বলেন, বিশ্বের অনেক দেশেই ব্রাজিলের সমর্থক রয়েছে, তবে বাংলাদেশিদের আবেগ ও উদযাপন একেবারেই ব্যতিক্রম। তার ভাষায়, বাংলাদেশিদের উদযাপন দেখে মনে হয় তারা যেন ব্রাজিলেই জন্মেছে। ব্রাজিলের বাইরে সম্ভবত সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশিদের কাছে ব্রাজিল শুধু একটি দেশ নয়, বরং একটি অনুভূতির নাম। এই ভালোবাসা ব্রাজিলের মানুষও গভীরভাবে উপলব্ধি করে।
ক্লাব ফুটবল, বিভিন্ন লিগ ও অন্যান্য ব্যস্ততার মধ্যেও রাষ্ট্রদূতের বিশ্বাস, ধারাবাহিক উন্নতির মাধ্যমে নেইমারদের ব্রাজিল চলতি বিশ্বকাপে আরও চমক দেখাবে।
Leave a Reply