
গ্রীষ্ম শুরু হলেও যুদ্ধবিধ্বস্ত গাজায় এখনও প্রায় ১০ লাখ মানুষ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজা ও পশ্চিম তীরে জরুরি আশ্রয় সহায়তা সমন্বয়কারী ‘শেল্টার ক্লাস্টার’-এর হিসাবে বর্তমানে প্রায় ১ লাখ ৭০ হাজার পরিবার তাঁবুতে বসবাস করছে। পাশাপাশি প্রায় ৫ হাজার পরিবার খোলা আকাশের নিচে এবং আরও ৫২ হাজার পরিবার অতিরিক্ত ভিড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
এনআরসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষের জন্য জরুরি আশ্রয়সামগ্রী—যেমন প্লাস্টিক শিট, প্লাইউড ও দড়ি—এখনও পর্যাপ্তভাবে সরবরাহ করা যায়নি। এতে আশ্রয় সংকট আরও তীব্র হচ্ছে।
সংস্থাটি বলছে, এই সংকট শুধু আবহাওয়াজনিত নয়; বরং ব্যাপক ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং ত্রাণ সহায়তায় বাধার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, গ্রীষ্মে তাপমাত্রা বেড়ে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
মানবিক সংস্থাগুলো আশঙ্কা করছে, দ্রুত আশ্রয়সামগ্রী সরবরাহ ও পুনর্গঠন কার্যক্রম জোরদার না হলে তীব্র গরম নতুন করে বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।
Leave a Reply