
মোংলায় একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩৫তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা, গান, কবিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার (২১ জুন) সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কবির বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রুদ্র ছিলেন তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক। তিনি সমাজের বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তার কবিতা সংকটকালীন সময়ে তরুণদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তারা আরও বলেন, বুদ্ধিবৃত্তিক আপসকামিতার এই সময়ে রুদ্রের চিন্তা ও চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
উল্লেখ্য, মাত্র ৩৫ বছরের জীবনকালে রুদ্র সাতটি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচিত ও সুরারোপিত জনপ্রিয় গান ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুর ৩৩ বছর পর ২০২৪ সালে তিনি একুশে পদক (মরণোত্তর) লাভ করেন।
Leave a Reply