মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে বৈঠকটি হওয়ার কথা থাকলেও তা আর অনুষ্ঠিত হচ্ছে না। খবর রয়টার্স।
একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর পরিকল্পনাও বাতিল করা হয়েছে। এতে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনা স্থগিত হলেও সুইজারল্যান্ড এই শান্তি প্রক্রিয়াকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বুর্গেনস্টকে এ সংক্রান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম এখনো চলমান।
অন্যদিকে, ইরান এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগে দেশটি বলেছিল, ১৪ দফা চুক্তির পর অন্তত ৬০ দিনের ভঙ্গুর যুদ্ধবিরতি বাড়ানোর শর্তে তারা প্রযুক্তিগত আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা ভার্চুয়ালি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। যদিও মুখোমুখি বৈঠকের পরিকল্পনা ছিল না, জেনেভায় চূড়ান্ত চুক্তির জন্য আলোচনার প্রস্তুতি চলছিল, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। ওই ৬০ দিনের আলোচনার উদ্বোধনী পর্বে মার্কিন ভাইস প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা ছিল।
Leave a Reply