
বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করাই সংসদে বিরোধী দলের মূল ভূমিকা—এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৮ সালের পর দেশে কার্যকর কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। ফলে অনেক ক্ষেত্রে সরকারকেই বিরোধী দলের ভূমিকা পালন করতে হয়েছে। তবে বর্তমানে সংসদে আবারও শক্তিশালী বিরোধী দলের ভূমিকা দৃশ্যমান হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বিরোধী দল এখন জনস্বার্থে বিভিন্ন ইস্যুতে সংসদে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাদানুবাদ ও অচলাবস্থার পরিস্থিতি তৈরি হতো, যা জনসম্পদের অপচয়ের কারণ হয়ে দাঁড়াত। তাই বিরোধী দল হিসেবে তারা সংসদে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখছেন।
তিনি বলেন, “বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমরা জনকল্যাণে বিরোধিতা করি।” তিনি আরও জানান, যৌক্তিক ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবেই তারা সংসদে জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখবেন।
এছাড়া বাজেট প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে তিনি বলেন, জুনের পরিবর্তে জানুয়ারিতে বাজেট ঘোষণা করা গেলে অর্থের অপচয় কমানো সম্ভব হবে—এ বিষয়ে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে আবারও জোরালো বক্তব্য রাখা হবে।
Leave a Reply