
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল ওরফে দাগী রুবেল (২৭)-কে গ্রেফতার করেছে র্যাব-২।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাস ও ছিনতাই দমনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২২ মার্চ ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র্যাব-২ ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং পরবর্তীতে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল ওরফে দাগী রুবেল (২৭)-কে একটি দেশীয় পিস্তল (শাটারগান)সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি যাচাই করে দেখা যায়, এর কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র নেই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply