
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘটনার রহস্য উদ্ঘাটনসহ দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— মো. পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১:২০ ঘটিকার সময় কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের ১০০ গজ পূর্ব পাশে ইব্রাহিমপুর পাকা রাস্তায় ভিকটিম রাফি মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় হামলাকারীরা তাকে অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিমের চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
তদন্তকালে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে। তারা হলো— পারভেজ, ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন বাবু ও আমিন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১১ জুন ২০২৬ তারিখে অভিযান চালিয়ে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে পারভেজকে এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলের নিকটবর্তী স্থান থেকে ভিকটিমের মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, পারভেজ পূর্বে ভিকটিম রাফির বাসায় ভাড়া থাকত। সেই সময় তাদের মধ্যে পরিচয় হয়। পরবর্তীতে এলাকায় মাদক ব্যবসা সংশ্লিষ্টতা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার পর আসামিরা বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে এবং স্থানীয়দের কাছে দাবি করে যে ওপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন। পরে তারা আহত রাফিকে অটোরিকশায় করে অন্য স্থানে ফেলে রেখে যায়।
গ্রেফতারকৃত পারভেজ ও কালুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply