
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সব বিষয়ে ইসলামের নাম টেনে আনা ঠিক নয়।”
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে বিরোধীদলের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইসলামী ব্যাংকের শীর্ষ পদে সাম্প্রতিক পরিবর্তন, গ্রাহক বিক্ষোভ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ নিয়ে বিরোধীদলের সমালোচনার মুখে পড়েন তিনি। এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি “ষড়যন্ত্রের মাধ্যমে” ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে।
সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলের উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করেন, পূর্ববর্তী সময়ে এস আলম গ্রুপ ভুয়া কোম্পানির মাধ্যমে বিপুল অর্থ সরিয়ে নিয়েছে এবং এখন ব্যাংকে বিতর্কিত ব্যক্তিদের বসানো হচ্ছে, যা ভবিষ্যতে অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকের চেয়ারম্যান বা বোর্ড সদস্যদের অপসারণ বা নিয়োগ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারভুক্ত বিষয়। এ নিয়ে প্রশ্ন থাকলে আইন সংশোধনের মাধ্যমে সমাধান আনতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ পর্দার আড়াল থেকে গ্রাহকের পরিচয়ে আন্দোলন তৈরি করে ব্যাংকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিরোধীদলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরও জানান, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক থেকে অর্থ নিয়ে ফেরত দেয়নি, তাদের বিরুদ্ধে তদন্ত হবে। এছাড়া অতীতে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ পাওয়া প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply