1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

আদ্-দীনে ৬ নবজাতকের মৃত্যু: সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার, ঘোষণা কাল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

রাজধানীর আদ্-দীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনায় জনস্বার্থে সরকার কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া শেষে আগামীকালই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আজ সোমবার (০৮ জুন ২০২৬ খ্রি.) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক বিশেষ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঘটনার তদন্ত প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় নেওয়া হয়েছিল। আগামীকাল মঙ্গলবার (০৯ জুন) এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হবে।” তিনি আরও স্পষ্ট করেন যে, এ ঘটনায় সরকার পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন ও সিদ্ধান্তের বিষয়ে আইনি সুপারিশ তৈরি করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি নিজস্ব আইনজীবী নিয়োগ করে ভুক্তভোগী শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়, তবে সে ব্যাপারে সরকারের কিছু বলার নেই; কিন্তু তার কারণে হাসপাতালটির বিরুদ্ধে সরকারের নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।

আসন্ন ডেঙ্গু মৌসুমের প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের পূর্বপ্রস্তুতি ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সবচেয়ে জরুরি উপাদান স্যালাইনের পর্যাপ্ত মজুত এখন সরকারের কাছে রয়েছে।

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের টিকা কার্যক্রমে স্থবিরতার কারণে অনেক শিশুর মৃত্যু হয়েছে— সংসদীয় কমিটির কাছে দেওয়া এমন বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অতীতে যা হয়েছে তা নির্মম সত্য। তবে বর্তমান সরকার জোরালোভাবে টিকাদান কার্যক্রম চালিয়ে দেশ থেকে হামকে পুরোপুরি নির্মূল করতে চায়।”

দেশের ওষুধ শিল্পের অগ্রগতি তুলে ধরে ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি হচ্ছে। এই রপ্তানির পরিধি ও দেশের সংখ্যা আরও বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এজন্য বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News