
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি ও পরিবহন খাতের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। তিনি অভিযোগ করেছেন, ঈদযাত্রায় সাধারণ মানুষকে চরমভাবে হয়রানি করা হচ্ছে।
ডা. শফিকুর রহমান বলেন, “ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এ অব্যবস্থাপনার মূল ভিত্তিই এটি।”
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ আজ শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক স্ট্যাটাসে এই ক্ষোভ প্রকাশ করেন।
জামায়াত আমির আরও বলেন, “অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে, বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদযাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। জনগণের এই দুঃখ ও আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?”
তিনি সতর্ক করেছেন, “যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তবে তাদের জন্য দুঃসংবাদ—জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না। তাই সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরই এই দায় বহন করতে হবে।”
Leave a Reply