রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তবে নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব যানবাহনকে লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, রাজধানীর পরিবহনব্যবস্থা আরও সুশৃঙ্খল করতে রিকশা, ভ্যান ও অটোরিকশাকে নির্দিষ্ট নিয়মের মধ্যে আনা প্রয়োজন। হকারদের মতো এসব যানবাহনের জন্যও নিবন্ধন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, যেকোনো ব্যক্তি এসে রাজধানীতে রিকশা চালানো শুরু করলে তা নিয়ন্ত্রণহীন পরিস্থিতির সৃষ্টি করে। তাই চালকদের নিজ নিজ এলাকার ভিত্তিতে পরিচালনার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে, যা পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।
ডিএসসিসি প্রশাসকের মতে, লাইসেন্সিং ও নিবন্ধন ব্যবস্থা কার্যকর হলে যানজট নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং চালকদের পরিচয় ও কার্যক্রমও সহজে শনাক্ত করা যাবে।
ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিশেষ করে দুর্বল ব্রেকিং ব্যবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে এসব যানবাহন পরিচালনা করা যায়, সে বিষয়ে চালকদের মতামত নেওয়া হবে।
তিনি আরও বলেন, রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহকারী মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত না করে শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার অংশ হিসেবে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ও স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা চালুর কথা উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে রিকশা ও অটোরিকশার ক্ষেত্রেও অনুরূপ প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে চালক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply