চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে চায়না এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি যাত্রা করে।
চীন সরকার ও বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি কুনমিংয়ে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, আগামী ৮ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।
প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। তাদের মধ্যে আছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) মহাপরিচালক জুলিয়া মঈন, পরিচালক (ইনোভেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন) মনিরুল ইসলাম পাটোয়ারীসহ আরও কয়েকজন কর্মকর্তা।
প্রশিক্ষণ সফরের আগে সোমবার (১ জুন) ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ এবং সহযোগিতা আরও গভীর হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়কে আরও শক্তিশালী করবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন।
Leave a Reply