1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের আরও সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি অবস্থান দেশের নিরাপত্তা ও অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাই তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পর নরওয়ের দ্রুত স্বীকৃতি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার ভিত্তি গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন।

বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের প্রশংসা করে জানান, দেশটি এখন প্রচলিত উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেশি গুরুত্ব দিচ্ছে। এ প্রেক্ষাপটে মন্ত্রী বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণ এবং ওষুধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্পের বাজার সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্যাকেজিং শিল্পে নরওয়ের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড ও নরফান্ডের মাধ্যমে যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নরওয়ের বৃত্তির সুযোগ সম্প্রসারণের অনুরোধও জানান তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নরওয়ের মানবিক সহায়তা এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের কার্যক্রমের প্রশংসা করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, সংকটের স্থায়ী সমাধান হলো রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন।

জবাবে নরওয়ের রাষ্ট্রদূত আশ্বাস দেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও নরওয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে নরওয়ে পাশে থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News