
যেকোনো ধরনের সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি দাবি করেছেন, এবারের কোরবানির ঈদে নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত ছিল এবং ঈদযাত্রায় ভোগান্তি ও যানজটও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার কঠোর অবস্থানে ছিল। পাশাপাশি মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে থাকায় এবারের ঈদে গরুর বাজারে দামও সহনীয় পর্যায়ে ছিল বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ঈদযাত্রার সময় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে যানজট আগের বছরের তুলনায় অনেকটা কম ছিল, ফলে সাধারণ মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পেরেছেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশ অনেক পরে মূল্য সমন্বয় করেছে। ফলে এর প্রভাব মূল্যস্ফীতিতে বড় ধরনের চাপ তৈরি করেনি বলে তিনি দাবি করেন।
Leave a Reply