
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজধানী তেল আবিবের রাজপথে বিক্ষোভে নেমেছেন দেশটির সাধারণ নাগরিকরা। যুদ্ধ বন্ধ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।
শনিবার (৩০ মে) তেল আবিবের প্রধান সড়কগুলোতে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় তাদের হাতে যুদ্ধ বন্ধ, নতুন নির্বাচন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তাৎক্ষণিক পদত্যাগের দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীদের মতে, বর্তমান প্রশাসন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং জনস্বার্থ উপেক্ষা করে চলছে।
প্রতিবাদ কর্মসূচিতে ভিন্নমাত্রা যোগ করতে কয়েকজন বিক্ষোভকারী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ পরে প্রতীকী প্রতিবাদে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, পশ্চিম তীরে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতার ক্ষেত্রে বর্তমান সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ, সরকারের জবাবদিহিতা নিশ্চিত এবং নতুন নির্বাচনের আয়োজনের দাবি জানান।
রাজনৈতিক অস্থিরতা ও চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলে সরকারবিরোধী আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Leave a Reply