
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন স্থানে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতারা।
শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদলীয় শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের প্রতীক ছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন এ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখনো প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে, জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
Leave a Reply