
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) ভারতের হাইকমিশন এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে।
বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা ভারতের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশজুড়ে মুসলমানরা আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করেন।
তিনি আরও বলেন, এই উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধকে তুলে ধরে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখে।
বার্তায় বলা হয়, ভারত ও বাংলাদেশের সম্পর্ক যৌথ ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি-উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার করতে ভারত আগ্রহী।
চিঠির শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন নরেন্দ্র মোদি।
Leave a Reply