যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে প্রায় তিন মাস ধরে আটকে রয়েছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি। নিরাপত্তাজনিত জটিলতায় তিন দফা হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাহাজটি।
পরিবার-পরিজন থেকে দূরে থেকে গত ঈদুল ফিতর জাহাজেই কাটিয়েছেন নাবিকরা। একইভাবে এবার ঈদুল আজহাও (স্থানীয় সময় অনুযায়ী) তাদের কাটাতে হয়েছে সাগরে ভাসমান অবস্থায়। দীর্ঘ অনিশ্চয়তা, যুদ্ধের আতঙ্ক এবং নিরাপত্তা ঝুঁকির কারণে দুশ্চিন্তা ও মানসিক চাপের মধ্য দিয়ে সময় পার করছেন তারা।
যদিও বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা সবাই সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। নাবিকদের কাছেও পর্যাপ্ত খাবার ও পানির মজুত রয়েছে। তবে সার্বক্ষণিক মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কা এবং দীর্ঘদিন তীরে নামতে না পারার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন অনেকেই।
এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক বলেন, “সাগরে দীর্ঘ সময় অবস্থান নাবিকদের জন্য নতুন কিছু নয়। জাহাজে থাকা সবাই সুস্থ আছেন এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। জাহাজটিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
Leave a Reply