
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে শক্তিশালী স্থলমাইন বিস্ফোরণে তিনজন চাকমা শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী, বাংলাদেশের অভ্যন্তরে এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর তিনজন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের তিন বাসিন্দা— লেয়ারা (৪১), অংকেমং (৫০) ও চিংকা অং (৪০)।
স্থানীয়দের ধারণা, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণেই এই ঘটনা ঘটে। তবে নিহতরা ওই এলাকায় কৃষিকাজে গিয়েছিলেন নাকি অন্য কাজে যুক্ত ছিলেন—এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধার কার্যক্রমে সময় লাগছে। বিজিবি ও স্থানীয়রা ঘটনাস্থলে কাজ করছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে।
Leave a Reply