
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে জানা গেছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই খসড়া চুক্তিটি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া সূত্রে জানা গেছে।
আল আরাবিয়ার হাতে আসা খসড়া অনুযায়ী, দুই দেশ জল, স্থল ও আকাশপথে তাত্ক্ষণিক, ব্যাপক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এতে উভয় পক্ষ একে অপরের সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি সব ধরনের সামরিক অভিযান ও ‘মিডিয়া যুদ্ধ’ বা প্রচারণামূলক কার্যক্রমও স্থগিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
চুক্তিতে একে অপরের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য নিরাপদ রাখতে হরমুজ প্রণালি, আরব সাগর ও ওমান সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
চুক্তি বাস্তবায়নে কোনো জটিলতা দেখা দিলে তা সমাধান এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ তদারকি ব্যবস্থা গঠনের বিষয়েও খসড়ায় উল্লেখ রয়েছে। এছাড়া চুক্তি ঘোষণার সাত দিনের মধ্যে দুই পক্ষ অন্যান্য অমীমাংসিত বিষয়ে আলোচনা শুরু করবে।
শর্তগুলো ইরান যথাযথভাবে মানলে দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত মন্তব্য করেনি ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি থাকলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। তিনি হরমুজ প্রণালির পরিস্থিতি ও অন্যান্য বিতর্কিত ইস্যুকে এখনো অমীমাংসিত বলে উল্লেখ করেন।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতায় দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। সূত্র: আল আরাবিয়া।
Leave a Reply