
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎকারী আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতারক চক্রের অন্যতম মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ খাইরুল ইসলাম (২৪) ও মোঃ জাবেদুল ইসলাম (৩৮)। গত ১৭ মে নীলফামারীর সৈয়দপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, প্রতারক চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অস্ট্রেলিয়ায় কম খরচে চাকরির প্রলোভন দেখাতো। তারা ইমো অ্যাপ ও অস্ট্রেলিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার ভুক্তভোগী মোহাম্মদ সামালের সঙ্গে যোগাযোগ করে। পরে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন ধাপে ভুক্তভোগী ও তার স্বজনদের বিকাশ নম্বর থেকে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী সরাইল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ২২ ধারায় মামলা দায়ের করলে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া মামলার তদন্তভার গ্রহণ করে।
তদন্তে পিবিআই জানতে পারে, গ্রেফতারকৃত খাইরুল ইসলাম ‘আরিফ মন্ডল’ ছদ্মনামে ভুয়া সফলতার ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতো। এসব ভিডিও বুস্ট করে বিদেশে চাকরির প্রলোভনে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হতো। অপরদিকে, বিকাশ ডিএসও জাবেদুল ইসলাম প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ক্যাশ আউট ও অবৈধ লেনদেন গোপনে পরিচালনায় সহায়তা করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই আরও জানিয়েছে, চক্রটি গত চার মাসে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার অবৈধ লেনদেন করেছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেফতার এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply