
বাংলাদেশকে শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (১৭ মে) টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রযুক্তিকে শুধু ব্যবহারের জন্য নয়, বরং সেবা প্রদান ও উৎপাদন খাতে আরও কার্যকরভাবে কাজে লাগানো হবে। তিনি আরও বলেন, এআই ক্যামেরা ব্যবহারের ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।
তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের একটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরের মধ্যে ফাইভ-জি সেবা চালুর জন্য প্রয়োজনীয় শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এছাড়া দুই বছরের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
Leave a Reply