
গোপালগঞ্জে বড় বড় প্রকল্প মূলত লুটপাটের উদ্দেশ্যে নেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (১৬ মে) রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘বাজেট ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, গোপালগঞ্জের বিভিন্ন বড় প্রতিষ্ঠানে কার্যকর জনবল নেই এবং জনগণের অর্থে নির্মিত এসব প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সেবাও মিলছে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে। অর্থনৈতিক চাপ থাকলেও সরকার পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিদ্যুৎখাতসহ বিভিন্ন খাতে অলিগার্কিক বা গোষ্ঠীকেন্দ্রিক ব্যবস্থাপনা ভাঙতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
ড. তিতুমীর বলেন, দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামের বাইরে উত্তরাঞ্চলে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের অর্থনৈতিক কৌশলের লক্ষ্য হলো অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গোষ্ঠীকেন্দ্রিক আধিপত্য ভেঙে দেওয়া।
Leave a Reply