1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

“হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই : স্বাস্থ্যমন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

হামের চিকিৎসা ও প্রতিরোধে সরকারের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে— বিশ্বের ইতিহাসে এত কম সময়ে এত বড় জনগোষ্ঠীর জন্য বিপুল পরিমাণ টিকা সংগ্রহের নজির খুব কম, যা বাংলাদেশ করতে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার একটি ভেন্টিলেটরও রেখে যায়নি এবং হাম প্রতিরোধের টিকাও মজুত ছিল না। বর্তমান সরকার শূন্য হাত থেকে কাজ শুরু করে দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ নিশ্চিত করেছে। আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আরও ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হবে। প্রতিটি জেলায় ১২টি করে ভেন্টিলেটর ও ১২টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আইসিডিডিআরবি’র চিকিৎসক ডা. তাহমিদ শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে ফুসফুস ঠিকভাবে কাজ না করলে অক্সিজেন সরবরাহে সহায়তা করা সম্ভব হচ্ছে। এই পদ্ধতি বর্তমানে শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসাই হাম আক্রান্তদের দেওয়া হচ্ছে। তবে রোগটি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো পুষ্টির অভাব। শিশুদের বছরে দুইবার ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার কথা থাকলেও ২০২৪ সালের শেষে মাত্র একবার দেওয়া হয়েছে এবং ২০২৫ সালে কোনো ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালিত হয়নি।

তিনি জানান, আগামী ১০ জুনের মধ্যে ইউনিসেফ থেকে বিপুল পরিমাণ ভিটামিন এ দেশে পৌঁছাবে। এরপর সারা দেশে ভিটামিন এ ক্যাম্পেইন চালানো হবে।

মায়েদের পুষ্টিহীনতা, শিশুদের পর্যাপ্ত পুষ্টির অভাব এবং নবজাতককে পর্যাপ্ত বুকের দুধ না খাওয়ানোর কারণেও শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাচ্ছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশেষ করে সিজারিয়ান অপারেশনের পর অনেক মা দ্রুত শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন না, যার ফলে শিশুদের মধ্যে হাম বেশি আক্রমণ করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News