
মাদকবিরোধী অবস্থান আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস-এ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধার কার্যক্রমে সফলদের আইজিপি ব্যাজ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। এই হুমকি মোকাবেলায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে কোনো পুলিশ সদস্য মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অতীতে দীর্ঘ সময় পুলিশ বাহিনীকে নিয়ে নানা ধরনের বিতর্ক থাকলেও বর্তমানে বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পাশাপাশি জনসাধারণের সঙ্গে আস্থা ও সম্পর্ক আরও শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার ভিত্তিতে পুলিশ ও র্যাবের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply