1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ট্রাফিক আইন ভাঙলেই লাইসেন্স বাতিলের ঝুঁকি, চালু হলো ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত

রাজধানীর সড়কে ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন থেকে ট্রাফিক আইন অমান্য করলে শুধু মামলা বা জরিমানাই নয়, ড্রাইভিং লাইসেন্সেও যুক্ত হবে ডিমেরিট পয়েন্ট। নির্ধারিত ১২ পয়েন্ট পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা স্থগিত হবে চালকের লাইসেন্স। আপাতত চার চাকার যানবাহনের চালকদের ক্ষেত্রে এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

এর আগে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় মামলা হতো গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে এবং জরিমানার দায় বহন করতেন গাড়ির মালিকরা। তবে নতুন নিয়মে সরাসরি দায়বদ্ধ করা হচ্ছে চালকদের। কোনো চালক সড়কে নির্ধারিত নিয়ম ভঙ্গ করলে তার ড্রাইভিং লাইসেন্সে স্বয়ংক্রিয়ভাবে পয়েন্ট কাটা হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইতোমধ্যে ট্রাফিক পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইন অমান্য করলেই দেওয়া হচ্ছে মামলা, পাশাপাশি যুক্ত হচ্ছে অটো কেসিং ব্যবস্থাও। মোট ১৩ ধরনের ট্রাফিক অপরাধের জন্য নির্দিষ্ট হারে পয়েন্ট কাটা হবে। কোনো চালকের সব ১২ পয়েন্ট শেষ হয়ে গেলে তার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত বা বাতিল করা হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, গত দুই মাসেই এক হাজারের বেশি চালক ডিমেরিট পয়েন্ট হারিয়েছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, শুধুমাত্র জরিমানা আদায় বা শাস্তি দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য নয়; বরং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। তিনি সবাইকে সড়ক আইন মেনে চলার আহ্বান জানান।

তবে পয়েন্ট কাটা গেলেও আপিল করার সুযোগ রাখা হয়েছে। এছাড়া কোনো চালক টানা ছয় মাস ট্রাফিক আইন ভঙ্গ না করলে তার লাইসেন্সে পুনরায় দুই পয়েন্ট যোগ হবে।

অনেক চালক এখনও এই নতুন ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে অবগত নন। একজন চালক বলেন, নতুন নিয়ম চালু হলেও বিষয়টি সম্পর্কে তিনি স্পষ্ট ধারণা পাননি। অন্যদিকে আরেক চালকের মতে, সড়কের নিয়ম যথাযথভাবে মেনে চললে মামলা বা পয়েন্ট হারানোর আশঙ্কা থাকবে না।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও চালকদের প্রশিক্ষণ। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়কে লেনভিত্তিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে এবং চালকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তার মতে, দেশের অধিকাংশ চালক অপেশাদার পরিবেশে গড়ে ওঠায় তাদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News