
নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১০ মে) সকালে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল নির্ভর বিশ্বে নতুন প্রজন্ম ক্রমেই নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। একই সঙ্গে সমাজে ইতিবাচক ও ভালো কাজের চর্চাও কমে যাচ্ছে। মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি উন্নত সমাজ গঠনে মৌলিক নৈতিকতা ও আচরণবিধির গুরুত্ব অত্যন্ত বেশি। ছোটবেলা থেকেই এসব শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন, যা এখন শুধু সামাজিক নয়, রাষ্ট্রীয় চ্যালেঞ্জেও পরিণত হয়েছে।
এদিকে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, সরকার পরিবর্তন হলেও দেশের সামাজিক ও মানসিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দুর্নীতি এখনও দেশের প্রায় সব ক্ষেত্রেই বিস্তার লাভ করেছে।
Leave a Reply