
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যারা বর্তমানে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরসালিন (২৪) ও নবীর হোসেন (৩০)। মুরসালিন ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তঘেঁষা বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে এবং নবীর হোসেন একই উপজেলার মধুপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘবদ্ধভাবে চোরাচালানি পণ্য আনতে কিছু যুবক ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় বিএসএফ সদস্যরা মুরসালিন ও নবীরকে আগরতলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে। মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ধজনগর সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান কার্যক্রম চলে আসছে। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তটি অপরাধপ্রবণ হওয়ায় চোরাকারবারিরা প্রায়ই ওই এলাকা ব্যবহার করে। তবে নিহতরা সরাসরি চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, নিহত মুরসালিন একজন কলেজপড়ুয়া ছাত্র ছিলেন। বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধদের আহত অবস্থায় নিয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।
Leave a Reply