
আজ ২৫শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি-তে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই কবি, সাহিত্যিক ও দার্শনিক।
রবীন্দ্রনাথের বাবা ছিলেন ব্রাহ্মধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী। মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন তিনি। পরবর্তীতে গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গানের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দেন।
১৮৯১ সালে বাবার নির্দেশে নদীয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশার জমিদারি তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। এ সময় তিনি দীর্ঘদিন শিলাইদহ কুঠিবাড়ি-তে অবস্থান করেন। পরে ১৯০১ সালে পরিবারসহ চলে যান শান্তিনিকেতন-এ।
তার জীবদ্দশায় এবং মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধসহ অসংখ্য সাহিত্যকর্ম। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন।
রবীন্দ্রনাথের সাহিত্যজগৎ ছিল নানা অনুভূতি, চেতনা ও দর্শনে সমৃদ্ধ। তার সৃষ্ট চরিত্র চারুলতা, বিনোদিনী কিংবা ‘গোরা’ উপন্যাসের স্বদেশপ্রেম আজও পাঠকের মনে গভীর প্রভাব ফেলে।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে দিনব্যাপী প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৯টায় শিশুতোষ অনুষ্ঠান, সকাল ১০টা ৫ মিনিটে ‘গীতবিতান’, সন্ধ্যা ৬টায় কবিতা আবৃত্তি এবং রাত ৯টায় রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক ‘সম্পত্তি সমর্পণ’ প্রচার করা হবে। এছাড়া রাত ১০টায় বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান এবং রাত ১১টায় প্রচারিত হবে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
Leave a Reply