
শবে কদর ও ঈদুল ফিতরের আগের ছুটির মধ্যবর্তী দিনে সরকারি ছুটি থাকলেও তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে ঈদের আগে পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের সুবিধার্থে নির্দিষ্ট শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হবে। পাশাপাশি রফতানি বিল সংক্রান্ত কার্যক্রমও চালু থাকবে।
নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ সীমিত জনবল দিয়ে খোলা থাকবে।
এই দুইদিন ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
অন্যদিকে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও বন্দর-কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও জানানো হয়েছে। জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
Leave a Reply