
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, ৭ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে র্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই সঙ্গে আরিফুর রহমান নয়ন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আরিফুর রহমান নয়নের বাড়ি শ্যামপুর থানাধীন করিমুল্লারবাগ এলাকায় বলে জানা গেছে। অভিযানের সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত নয়ন শুধু অস্ত্র ব্যবসার সঙ্গেই জড়িত নয়, তার বিরুদ্ধে শ্যামপুর থানায় মারামারি, ছিনতাই ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply