
কোরবানির ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। ঈদের এখনও কিছুটা সময় বাকি থাকলেও এরই মধ্যে মসলা, শুকনো ফল ও রান্নার উপকরণসহ বিভিন্ন পণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে, যা ভোগান্তিতে ফেলেছে সাধারণ ক্রেতাদের।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, এলাচের দাম কেজিপ্রতি প্রায় ৩০০ টাকা বেড়ে ৪৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৪৩০০ টাকা। লবঙ্গের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪০০-১৪৫০ টাকা, যা আগে ছিল ১২০০-১২৫০ টাকা। আলু বোখারার দাম সবচেয়ে বেশি বেড়ে এখন কেজিপ্রতি ১৫০০ টাকা, যা আগে ৯০০ টাকা ছিল।
এছাড়া কিশমিশ, দারুচিনি, জিরা, ধনিয়া, তেজপাতা ও পেঁয়াজসহ অন্যান্য পণ্যের দামও বেড়েছে। কিশমিশ বিক্রি হচ্ছে ৮৩০-৮৫০ টাকা, দারুচিনি ৫০০-৬০০ টাকা, জিরা ৬৫০ টাকা এবং ধনেগুঁড়া ২০০-২৮০ টাকায়। দেশি পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা বেড়ে ৪০-৪৫ টাকায় উঠেছে।
বাদামের বাজারেও একই চিত্র। পেস্তার দাম কয়েক ধাপে বেড়ে এখন ৪১০০-৪২০০ টাকা, যা আগে ছিল ৩৩০০-৩৪০০ টাকা। কাজুবাদাম বিক্রি হচ্ছে ১৪০০ টাকা, যা আগে ১১৫০ টাকায় পাওয়া যেত।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছর ধরে ঈদের অনেক আগেই পণ্যের দাম বাড়ানোর প্রবণতা তৈরি হয়েছে। এতে পরবর্তীতে দাম কিছুটা কমালেও ব্যবসায়ীরা আগেই অতিরিক্ত মুনাফা তুলে নিচ্ছেন। অনেকের অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছে।
ক্রেতারা বলছেন, সীমিত আয়ে বাজার করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। রাজধানীর নয়াবাজারে কেনাকাটা করতে আসা এক ভোক্তা জানান, ঈদ এলেই মসলার দাম বেড়ে যায়, কিন্তু তদারকির অভাবেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, আমদানি ব্যয় এবং পরিবহন খরচ বাড়ার কারণে পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে আমদানি ব্যাহত হওয়ায় শুকনো ফল ও মসলার দাম বেশি।
এদিকে ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের অজুহাতে দেশে অযৌক্তিকভাবে দাম বাড়ানো হচ্ছে কি না তা খতিয়ে দেখা জরুরি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ঈদকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply