
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮, বরিশাল। সম্প্রতি ভোলা জেলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিল। তারা ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন সম্পর্ক থেকে প্রাপ্ত ছবি কিংবা শত্রুতাবশত গোপন ছবি সংগ্রহ করে তা অনলাইনে ছড়িয়ে দিত।
র্যাবের অনুসন্ধানে জানা যায়, চক্রটি বিভিন্ন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও বাণিজ্য করত। তাদের ব্যবহৃত ডিভাইস থেকে প্রায় দেড় লক্ষ আপত্তিকর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেলের সন্ধান পাওয়া গেছে।
পরবর্তীতে ২৬ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল ভোলা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম (১৯) ও মোঃ হাসিব (২৩)-কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, আইনের শাসন সমুন্নত রাখা ও সাইবার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply